নিকলীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মধ্যরাতে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে নিকলী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং সেকেন্ড অফিসার এসআই রোমান খাঁনের নেতৃত্বে এএসআই আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলার মজলিশপুর ফকির বাড়ি এলাকায় অভিযান চালান।

অভিযানে মোঃ তাজুকে (৪৪) আটক করা হয়। তিনি সুন্দু লুসাইয়ের ছেলে বলে পুলিশ জানিয়েছে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় তার সহযোগী মোঃ দেলোয়ার হোসেন ওরফে দিলদার (৩৮) পিং একিন আলী সাং মজলিশপুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কঠোরভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিকলী থানার এফআইআর নং-১১, জিআর নং-৬৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৮/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”

Similar Posts

error: Content is protected !!