নিজের ঘুমের স্বপ্ন নিয়ন্ত্রণ! সুযোগ পেলে কি এই ক্ষমতা শিখবেন?

আমাদের নিকলী ডেস্ক ।।

ঘুমের গভীরে থাকা অবস্থায় যখন কেউ বুঝতে পারেন যে তিনি স্বপ্ন দেখছেন এবং চাইলে সেই স্বপ্নের গতিপ্রকৃতিও পাল্টে দিতে পারেন—তখন তাকে বলা হয় ‘লুসিড ড্রিমিং’। সম্প্রতি গবেষকেরা দাবি করেছেন, নিয়মিত ধ্যান ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অনুশীলনের মাধ্যমে মানুষকে এই বিশেষ স্বপ্ন দেখার প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

এই গবেষণার পর বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম ‘লাইভ সায়েন্স’ তাদের পাঠকদের কাছে জানতে চেয়েছিল—সুযোগ পেলে তাঁরা কি লুসিড ড্রিমিং শিখতে চাইবেন?

জরিপে অংশ নেওয়া তিন শতাধিক পাঠকের মধ্যে ৭৭ শতাংশই বলেছেন, তাঁরা নিজের স্বপ্ন নিয়ন্ত্রণ করে দেখতে চান। ১৭ শতাংশ পাঠক জানিয়েছেন, কোনো প্রশিক্ষণ ছাড়াই তারা এমনিতেই এমন স্বপ্ন দেখেন। আর বাকিদের মধ্যে ৩ শতাংশ এর কোনো প্রয়োজন দেখেন না এবং ৩ শতাংশ এ নিয়ে নিশ্চিত নন।

মন্তব্যের ঘরে পাঠকেরা শুনিয়েছেন তাঁদের দারুণ সব অভিজ্ঞতার কথা। এক পাঠক জানান, ঘুম ও জাগরণের মাঝামাঝি ‘হিপনাগোগিক’ অবস্থা নিয়ে পরীক্ষা চালাতে গিয়ে তাঁর এমন স্বপ্ন হতে শুরু করেছিল। ওগুলো ছিল তাঁর জীবনের অন্যতম গভীর অভিজ্ঞতা।

অন্য এক পাঠক জানান, বছরে এক-দুবার এমন স্বপ্ন দেখলেও তা তাঁর কাছে ভীষণ আবেগঘন। সদ্য প্রয়াত স্ত্রীকে স্বপ্নে দেখার এক মধুর স্মৃতির কথা শেয়ার করে তিনি লিখেছেন, এমন স্বপ্ন দেখাটা তাঁর কাছে বড় সৌভাগ্যের। ফেসবুকেও অনেকে নিজের স্বপ্ন নিজেই নিয়ন্ত্রণ করার এই ধারণাকে দারুণ উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ মজা করে স্বপ্নের মাঝেই দৃশ্যপট পাল্টে ফেলার কথাও বলেছেন।

তবে সবার অভিজ্ঞতা একরকম নয়। কেউ লুসিড ড্রিমিংকে ‘নিজের সিনেমার পরিচালনা’র সঙ্গে তুলনা করলেও, অন্য এক পাঠকের মতে এসব স্বপ্ন অনেক সময় বেশ একঘেয়ে ও বিরক্তিকর হতে পারে। সব মিলিয়ে, সুযোগ পেলে অনেকেই নিজের স্বপ্ন নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করতে চাইলেও, সবার কাছে এর আকর্ষণ একপর্যায়ের নয়।

লুসিড ড্রিমিং অর্জনে সাম্প্রতিক গবেষণার কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি মূলত মস্তিষ্কের সচেতনতা এবং স্নায়বিক সংযোগের ওপর প্রতিষ্ঠিত। গবেষকদের মতে, জাগ্রত অবস্থায় নিয়মিত ধ্যান বা মেডিটেশন এবং ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) সাহায্যে মানুষের ভেতরের মেটাকগনিশন বা আত্মসচেতনতা বৃদ্ধি পায়। ঘুমের সময় মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স বা বিচার-বিবেচনা ও আত্মনিয়ন্ত্রণের সঙ্গে জড়িত অংশটি সাধারণত নিষ্ক্রিয় থাকে। তবে লক্ষ্যভিত্তিক অনুশীলন ও উদ্দীপনার মাধ্যমে এই অংশটিকে আংশিক জাগিয়ে রাখা সম্ভব হয়, যার ফলে মানুষ ঘুমিয়ে থাকা অবস্থাতেও বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। যদিও এই প্রশিক্ষণ সবার ক্ষেত্রে সমানভাবে ফলপ্রসূ হয় না, তবুও এটি মানুষের ঘুমের আচরণ ও মস্তিষ্কের সুপ্ত সৃজনশীলতা উন্মোচনে নতুন বৈজ্ঞানিক দুয়ার খুলে দিয়েছে।

তথ্যসূত্র: Live Science