“প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালু হবে”

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং চালুর উদ্যোগ নেবে। প্রধানমন্ত্রী রোববার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস’র ৬ষ্ঠ জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

চাঁদপুর জেলার হাইমচরের চরভাঙ্গা’য় স্কাউটস এবং রোভার স্কাউটসদের ‘কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প- কমডেকা’ (সমাজ উন্নয়ন ক্যাম্প) অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, সরকার প্রত্যেক স্কুলে কাব স্কাউটিং চালুর জন্য শিগগিরই একনেকে একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট ইউনিট চালু করতে এবং সহশিক্ষা এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে গার্ল ইন স্কাউট ইউনিট খুলতে আমি নির্দেশ দিয়েছি এবং এর জন্য যা যা করা দরকার সব ধরনের সহযোগিতা আমরা দেব।’

সরকার প্রধান বলেন, প্রতিটি জেলায় স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ, উন্নয়ন ও মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় সকল প্রকার অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। এটির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি। ‘স্কাউট কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে সব ধরনের সুবিধা আমি দিয়ে যাব, আমি ওয়াদা করছি।’

প্রধানমন্ত্রী এ সময় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৯৫ একর জমি বরাদ্দ এবং প্রত্যেক জেলায় স্কাউট ভবন নির্মাণ এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে তাঁর সরকারের জমি বরাদ্দের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকারের অধীনে স্কাউট শতাব্দি ভবন নির্মাণ ও স্কাউটিং সম্প্রসারণের জন্য ১২২ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে।

বাংলাদেশ স্কাউটস’র সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ স্কাউটস’র জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান এবং জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্ট) মো. মোজাম্মেল হাসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ স্কাউটস’র ৬ষ্ঠ জাতীয় কমডেকায় অংশগ্রহণকারী স্কাউট এবং রোভার স্কাউট বৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে সালাম জানায়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ উপভোগ করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্কাউট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে কমডেকা পতাকা অবমুক্ত করার মাধ্যমে পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশ স্কাউটস’র ৬ষ্ঠ জাতীয় কমডেকা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে তিনি একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন।

ভারত, নেপাল এবং আমেরিকা থেকে আগত একজন স্কাউটসহ স্কাউট এবং রোভার স্কাউটদের সম্মেলন কমডেকায় সাড়ে সাত হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করছেন।

যে কোন দুর্যোগ-দুর্ঘটনায় দুর্গতদের পাশে স্কাউটদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে ও ক্যাম্পে আমাদের স্কাউটদের সফল অংশগ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ২০১৭ সালে স্কাউট সদস্য সংখ্যা ক্রমাগত বৃদ্ধির জন্য বাংলাদেশ বিশ্ব স্কাউট কনফারেন্স-এ ‘গ্রোথ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এজন্য তিনি স্কাউট নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের স্কাউট সদস্যদের অভিনন্দন জানান। বাসস

Similar Posts

error: Content is protected !!