আমাদের নিকলী ডেস্ক ।।
পাবলিক পরীক্ষার প্রশ্নমালা থেকে এমসিকিউ পদ্ধতি বাদ দিয়ে বিকল্প উপায় বের করার সুপারিশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে রোববার (১ এপ্রিল) সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মোঃ নজরুল ইসলাম বাবু, মোঃ আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নফাঁস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশ্নপত্রের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হওয়ার তাগিদ দেয়।
এছাড়াও বৈঠকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও কমিটির শিক্ষা সফর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কমিটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষকদের আরো অধিকতর তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের জন্য সুপারিশ করে। বাসস
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

