প্রশ্নপত্র ফাঁসের শাস্তি ১০ বছর কারাদণ্ড চায় টিআইবি

আমাদের নিকলী ডেস্ক ।।

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট আইন সংশোধন করে ১০ বছরের সাজা পুনর্বহালের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে যেসব সুপারিশ করা হয় তার মধ্যে রয়েছে, পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন, ১৯৯২-এর ৪ ধারা পুনরায় সংশোধন করে শাস্তির মাত্রা আগের মতো সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান করা এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

এছাড়া মানববন্ধনে প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণের কাজটি পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা, প্রশ্ন ফাঁস নিয়ে গঠিত যে কোনো তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পাবলিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রের একাধিক সেট রাখা, তথ্য-প্রযুক্তির অপব্যবহার রোধে তদারকি বাড়ানো, কোচিং সেন্টার নিষিদ্ধকরণে সরকারের ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’-এর অস্পষ্টতা দূর করাসহ নয়টি সুপারিশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি ২০১৫ সালের ৫ আগস্ট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছিল। সরকার তা আংশিক বাস্তবায়ন করেছে। বাসস

Similar Posts

error: Content is protected !!