কিশোরগঞ্জের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

আমাদের নিকলী ডেস্ক ।।

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জে তিন প্রেসিডেন্টপুত্র মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের পুত্র বিসিবি ও এসিসি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি এবং প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তাদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর), নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এবং রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তিন প্রেসিডেন্টপুত্রের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া বাকি দু’জন সশরীরে মনোনয়নপত্র দাখিল করেছেন। সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে তাঁর পক্ষে পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

পরিবারের সদস্যদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট দুই ভাই ড. সৈয়দ শরীফুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, দুই বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা, চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মামাতো ভাই মঈনুজ্জামান অপু প্রমুখ মনোনয়নপত্র জমা দেয়ার কাজে অংশ নেন। এর আগে গত সোমবার সকালে মনোনয়নপত্রে সই আনতে থাইল্যান্ডে যান সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সেখানে মনোনয়নপত্রে সৈয়দ আশরাফুল ইসলামের সই নিয়ে মঙ্গলবার তাঁরা দেশে ফিরেন এবং বুধবার দুপুর দেড়টার দিকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট প্রিন্সিপাল এম এ রশিদ প্রমুখসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী কেন্দ্রিয় উপকমিটির সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া নাজমুল হাসান পাপন দুপুর ১২টায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। মনোনয়নপত্র দাখিলের সময় পাপনের সহধর্মিনী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্‌-এর পরিচালক রোকসানা হাসান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু ও সাখাওয়াত উল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলায় এই তিন প্রেসিডেন্টপুত্রের মনোনয়নপত্র দাখিলই ছিল বুধবার কিশোরগঞ্জে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়।

আওয়ামী লীগের বাকি দুই প্রার্থীর মধ্যে সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকাল ৩টায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এফ.এম. ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রেনু, যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। এর আগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তাড়াইলের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহাজোটের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে বিএনপির প্রার্থীদের মধ্যে বুধবার দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের পক্ষে তাঁর সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী সুরঞ্জন ঘোষও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। দুপুরে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির প্রার্থী দুই বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকনও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির তিন প্রার্থী সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিকালে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির দুই প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস ও করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। অন্য প্রার্থী প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মাহমুদুর রহমান উজ্জল বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির একক প্রার্থী জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে মঙ্গলবার দুপুরে কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

সূত্র : মানবজমিন, ২৯ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!