বাংলাদেশের সাড়া জাগানো ৫ ছবি রিমেক হচ্ছে

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি “বেদের মেয়ে জোসনা”। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ ছবি ৩০ বছর পর রিমেক করছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম “বঙ্গ”। সম্পূর্ণ আধুনিক ও রঙিন মোড়কে (রিমেক) প্রযোজনা করতে যাচ্ছে “বেদের মেয়ে জোসনা”। চমকপ্রদ এই খবরটি জানিয়েছেন বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু।

বুধবার (৬ মার্চ ২০১৯) দুপুরে এ বিষয়ে তিনি কথা বলেন সংবাদমাধ্যমের সাথে। মুশফিকুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে “বেদের মেয়ে জোসনা” রিমেক হতে যাচ্ছে। শুধু “বেদের মেয়ে জোসনা” নয়, সঙ্গে আরও ৪ ছবি রিমেক করতে যাচ্ছে বঙ্গ।

“বঙ্গ”র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসাসফল ছবি “বেদের মেয়ে জোসনা”র পুণঃনির্মাণ বিষয়টি বঙ্গ বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক।”

মুশফিকুর রহমান মনে করেন, “বেদের মেয়ে জোসনা” পুনঃনির্মাণ সত্যিকার অর্থে একটি বড় চ্যালেঞ্জ। কারণ, এই ছবিটি এখনও বাঙ্গালি দর্শক মনে দারুণভাবে জায়গা দখল করে রেখেছে। সময় পাল্টালেও এর আবেদন কমেনি। আর এখানেই কর্তৃপক্ষের মূল চ্যালেঞ্জ। বঙ্গ সবসময় মানুষদের সুস্থ বিনোদন দিতে চায়। নতুন সময়ের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরতে বঙ্গ সার্বিকভাবে প্রস্তুত।

তিনি বলেন, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ছবিগুলোর কর্ণধারদের প্রতি। কারণ তারা এই ছবিগুলোর পুনঃনির্মাণ এবং ডিজিটাল রাইটসের অনুমোদন দিয়েছেন। আমরা ভীষণভাবে আনন্দিত, বঙ্গের ব্যানারে প্রথম চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে বিখ্যাত ছবি ‘বেদের মেয়ে জোসনা’। নতুন ‘বেদের মেয়ে জোনসা’য় কিছু ফ্যান্টাসি যোগ হবে। মেকিং, পালসে নতুনত্ব থাকবে।

‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন। আগামী একমাসের মধ্যে নির্মাতা ও শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, শিগগির নতুন করে ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক-নায়িকা এবং পরিচালকের নাম ঘোষণা করা হবে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করা হবে এর শুভ মহরত অনুষ্ঠান। চলতি বছরেই নতুন ‘বেদের মেয়ে জোসনা’ মুক্তি দিতে চায় বঙ্গ। পর্যায়ক্রমে ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’ ছবিগুলোর রিমেক করবে বঙ্গ।

সূত্র : চ্যানেল আই অনলাইন

Similar Posts

error: Content is protected !!