আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মো. রাহাত হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ঘাগড়া গ্রামের সিংগুয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রাহাত হোসেন উপজেলার হোসেন্দি গ্রামের শামসুল ইসলামের ছেলে। ময়মনসিংহ মুকুল নিকেতন হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
রাহাতের মামা মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে জানান, গত রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে নিখোঁজ হয় রাহাত। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে পুলিশ বুধবার (৩ জুলাই) সকালে সিংগুয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন পাকুন্দিয়া থানায় গিয়ে রাহাতের মরদেহ শনাক্ত করে।
পরিবারের দাবি, রাহাতকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না-তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
সূত্র : বাংলানিউজ২৪

