মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
সারাদেশে পেঁয়াজের ওপর আগুন। দ্বিগুণ লাভের আশায় রড সিমেন্টের দোকানেও মজুদ করে রেখেছিল আমির ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আমির হোসেন। ৫টন পেঁয়াজ মজুদ করে রেখেছেন গত ১১ সেপ্টেম্বর ক্রয় করে। পেঁয়াজের উপর যখন হাহাকার চলছে ঠিক সেই মুহূর্তে কেজিপ্রতি ৮০/৯০ টাকা দরে পাইকারী বিক্রি করছেন। যেন স্বপ্নের রাজহাঁস হাতের মুঠোয়। ঠিক সেই মুহূর্তে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন সংবাদ পেয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মুরগী হাট নামক বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে মজুদকৃত ৫টন পেঁয়াজ জব্দ করেন। এসময় সে পেঁয়াজ আমদানির কোনো রশিদপত্র দেখাতে না পারায় আমির ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত জনতার সামনে তিনি অপরাধ স্বীকার করে বলেন, পাইকারী ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রয় করবেন। উৎসুক জনতার মধ্যে অনেকেই খুচরাও কিনেন।

এদিকে মডেল থানার সামনে ইসলাম ট্রেডার্সেও অভিযান পরিচালনা করা হয়। সেখানেও ১৪টন পেঁয়াজ মজুদ রয়েছে। তবে তিনি গত রাতেই এ পেঁয়াজগুলো আমদানি করেছে বলে স্বীকার করেন। তাকে কোন জরিমানা করা না হলেও পাইকারি ৭০ টাকা করে বিক্রি করতে নির্দেশ দেন ইউএনও। বাজারে পেঁয়াজের সয়লাব হওয়ার পরেও এক সিন্টিকেট চক্র বাজারজাতে সাধারণ জনগণ থেকে অধিক মুনাফায় পেঁয়াজ বিক্রয় করছে। এসময় ইউএনও রুহুল আমিন বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করে সবাইকে সতর্ক করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সাংবাদিকদের বলেন, প্রায় ২০ টন পেঁয়াজ বাজারে মজুদ থাকা সত্ত্বেও অধিক মুনাফা ধরে বিক্রয় করছে। যার কারণে সাধারণ জনগণ ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজের দাম হওয়ামাত্রই রড সিমেন্টের গোডাউন হয়ে যায় পেঁয়াজের আড়ৎ। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে আমির ট্রেডার্সে ৫টন পেঁয়াজ জব্দ করি। যে দামে পেঁয়াজ ক্রয় করেছে তার কোন রশিদ দেখাতে না পারা ও অগ্রিম পেঁয়াজ মজুদ রাখার দায়ে আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার কমিটিকে নির্ধারিত (৭০ টাকা) মুল্যে পেয়াজ বিক্রয় করতে নির্দেশ দিয়েছি। এবং তাদের মজুদ রাখা পেয়াজের ভাউচার জমা দিতে বলেছি। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুরশেদ, এ এস আই মহসিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


