লাখাই বেশি দামে লবণ বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

গত ক’দিন যাবত পেঁয়াজের উর্ধ্বমূল্যে যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, ঠিক তখনই “পেঁয়াজের পর এবার দেশে লবণের সংকট দেখা দিবে” এমন গুজবে লাখাইর সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় তুলকালাম কাণ্ড।

গত সোমবার রাতে হঠাৎ করে লবণের দাম বাড়বে এই রকম গুজব এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে লবণ কিনতে হুরমুড়ি খেয়ে পড়েন এলাকার মানুষ। সরেজমিনে, উপজেলার বুল্লা বাজার, তেঘরিয়া বাজার, কালাউক বাজার ,বামৈ বাজারসহ সকল বাজারে এই চিত্র দেখা যায়।

তাৎক্ষণিকভাবে (১৯/১১/২০১৯) মঙ্গলবার সকাল থেকে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বাজার মনিটনিংয়ের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।

মনিটরিংকালে উপজেলার তেঘরিয়া বাজার বামৈ, কালাউকসহ বিভিন্ন বাজারে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসায়ী এবং উপস্থিত ক্রেতাদেরকে দেশে লবণের কোনো ধরনের সংকট নেই, লবণের মূল্য স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এ ব্যাপারে ইউএনও মোসাঃ শাহিনা আক্তারের সাথে সেলফোনে আলাপকালে তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় মোবাইল কোর্ট চলমান আছে। লবণ বিক্রির অতিরিক্ত টাকা দোকানদারের কাছ থেকে আদায় করে জনগণকে ফেরৎ দেয়া হচ্ছে। সর্বসাধারণের সচেতনতার জন্য সকল বাজারে মাইকিং করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত দামে লবণ না কিনতে এবং প্রয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তার করতে বলা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!