আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে খেটে খাওয়া কর্মহীন ৬ শত পরিবারের পাশে দাড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার।
জানা গেছে, দেশের কোভিড-১৯ করোনাভাইরাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আর এই ক্রান্তিকালে ধামইরহাট উপজেলার পৌর সদরে খাদ্য অধিদপ্তর কর্তৃক নিয়োগ প্রাপ্ত ডিলারের মাধ্যমে শুধু মাত্র পৌরসভার ৯টি ওয়ার্ডে জন প্রতি ৫ কেজি চাল ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত মেনে নিতে সাধারণ মানুষ যখন গৃহবন্দি, সেখানে তারা ১০টি টাকাই বা পাবে কোথায়। এই চিন্তাধারা মাথায় রেখে ব্যবসায়ী ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার (ওবায়দুল মেম্বার নামে পরিচিত ও জনপ্রিয় নেতা) ওই দরিদ্র মানুষের হাতে তুলে দেন ৫০ টাকা। ৯ এপ্রিল বৃহস্পতিবার ৩টি ওয়ার্ডের ২শত কর্মহীন মানুষের প্রত্যেককে ৫ কেজি চালের দাম ৫০ টাকা অনুদান প্রদান করেন। আগামী এক মাস এই ৯টি ওয়ার্ডের ৬শত কর্মহীন মানুষের হাতে ৫০ টাকা করে দিয়ে যাবেন তিনি।
জনদরদী নেতা ওবায়দুল হক সরকার বলেন, “দেশের এই ক্রান্তিকাল ও মহামারীতে আমরা সবাই বিপদগ্রস্ত, ধনীদের ধন সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আর মানুষের সৎ কর্ম তাকে আখিরাতেও বিপদমুক্ত করবে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সারা দেশের মানুষের কথা ভাবছেন, কাজ করে যাচ্ছেন জনকল্যাণে, সেখানে তিনি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ধামইরহাটের পৌর সদরের ৬ শত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র।”
এলাকাবাসী স্থানীয় এই সিনিয়র আওয়ামীলীগ নেতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকারের জন্য তারা প্রাণভরে দোয়া করার অনুরোধ জানান যেন ভবিষ্যতেও তিনি মানুষের সেবা করতে করতে পারেন।


