মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পৃথক অভিযানে এক নারীসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ও প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জুলাই বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নে মাদক কারবরিদের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় জনগণ ও গ্রামপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে আছমা (৩০), নিরব (১৯) এবং বিজয় (২৩)—উভয়ই গোড়াদিঘা ও পূর্ব টেংগুরিয়া এলাকার বাসিন্দাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, ১৩ জুলাই রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার ছাতিরচর এলাকায় স্থানীয় জনগণ, গ্রামপুলিশ ও পুলিশের যৌথ অভিযানে মো. বাদল মিয়া (৪৫) এবং হিরা মিয়াকে (৪৫) আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিকলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

