মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের একদিন পর খালে ভাসমান অবস্থায় তাওহীদ হোসেন (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সিংপুর ইউনিয়ন বাজারসংলগ্ন খাল থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত তাওহীদ হোসেন সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. গুলজার হোসেনের ছেলে এবং দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের মামা রনি মিয়ার ভাষ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) বিকেলে তাওহীদ গোসল করতে নদীতে যায়। এ সময় নদীর তীরে একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের ওপর থেকে বন্ধুদের সঙ্গে পানিতে ঝাঁপ দেওয়ার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার সকালে সিংপুর বাজার ও ইসলামপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি তাওহীদ হোসেনের বলে শনাক্ত করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাওহীদের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

