মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অতিরিক্ত মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও মাতলামি করার অভিযোগে আরিফ (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণপাড়া গ্রামের গেনু মিয়ার ছেলে আরিফ অতিরিক্ত মাদক সেবন করে এলাকায় মাতলামি ও জনদুর্ভোগের সৃষ্টি করেন। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার (মুক্তি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাদের দৌরাত্ম্যে পরিবার-পরিজন, বিশেষ করে তরুণ প্রজন্মের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর, নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তারা।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

