মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইরফানুল হকের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার (মুক্তি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতী এবং সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তারা শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা, নৈতিক মূল্যবোধ, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সচেতন নাগরিক হিসেবে যুবসমাজের ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার (মুক্তি) ব্যস্ততার কারণে দীর্ঘ সময় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি প্রশিক্ষণের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবসমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির বলেন, যুবশক্তিকে সঠিক পথে ও সৃজনশীল কাজে লাগাতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করে শিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন এবং কর্মমুখী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোনে সময় নষ্ট না করে আত্মোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জীবনের একসময় সবাই বার্ধক্যে উপনীত হয়, তাই ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও সচেতনতার শিক্ষা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইরফানুল হক বলেন, শান্তির সূচনা পরিবার থেকেই হতে হবে। পরিবারে যদি অশান্তি বিরাজ করে, তবে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই প্রত্যেককে পারিবারিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

