আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদী উপজেলার করগাঁওয়ে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি। তবে আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নিকলী হাসপাতাল ও কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ উপভাগ করতে ঈদের পরদিন বিকেলে করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
পশ্চিমহাটি ও দেওকশাবাদ দলের মধ্যে খেলা চলার সময় পশ্চিমহাটি দল একটি গোল করে। কিন্তু প্রতিপক্ষ দল এ গোল মেনে না নিলে উভয় দলের খেলোয়াড় ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়।
কটিয়াদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

