১০০০ বলের অদ্ভুত ভাস্কর্য নিয়ে কেন এত বিতর্ক?

আমাদের নিকলী ডেস্ক ।।

আধুনিক বিমূর্ত শিল্প নিয়ে মানুষের আগ্রহ চিরকালের—কারো কাছে তা অসাধারণ সৃষ্টির নিদর্শন, আবার কারো মতে তা নিছক অর্থহীন। কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরের ব্যস্ত মহাসড়কের পাশে অবস্থিত ‘তালুস ডোম’ ভাস্কর্যটি ঠিক তেমনই এক আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রায় এক হাজারটি ফাঁপা স্টেইনলেস স্টিলের গোলক বা বল দিয়ে তৈরি হয়েছে একটি ঢিবির মতো ভাস্কর্যটি। ২০১১ সালে নির্মিত এই ভাস্কর্যটিতে ব্যয় হয়েছিল প্রায় ৬ লাখ কানাডিয়ান ডলার। উদ্বোধনের সময় এটিই ছিল এডমন্টন শহরের সবচেয়ে ব্যয়বহুল পাবলিক আর্ট বা সরকারি অর্থায়নে নির্মিত শিল্পকর্ম।

তবে এই বিপুল খরচ মোটেই ভালোভাবে নেননি স্থানীয় সমালোচকরা। ভাস্কর্যটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় শিল্পী রায়ান ম্যাককোর্ট একে “জনগণের অর্থের এক ক্ষমাহীন অপচয়” বলে আখ্যা দেন। শুধু খরচের কারণেই নয়, এর চেহারা নিয়েও বিতর্ক কম হয়নি। কেউ কেউ একে খরগোশের মল বা মানবদেহের অঙ্গের সাথে তুলনা করেছেন। আবার অনেকের আশঙ্কা, রৌপ্য রঙের গোলকগুলোর ওপর সূর্যের আলো পড়ে যে তীব্র প্রতিফলনের সৃষ্টি হয়, তা মহাসড়কে যাতায়াতকারী চালকদের মনোযোগ বিচ্যুত করতে পারে।

বিতর্ক থাকলেও এই শিল্পকর্মটির সমর্থনে জোরালো যুক্তি দিয়েছেন এর প্রস্তুতকারক ও অনুরাগীরা। ভৌগোলিক ও পরিবেশগত দিক থেকে ভাস্কর্যটির গভীর অর্থ রয়েছে বলে মনে করেন তারা। ভূতাত্ত্বিক পরিভাষায় ‘তালুস’ বলতে পাহাড় বা পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে নিচে জমা হওয়া পাথরের স্তূপকে বোঝায়। এডমন্টনের উত্তর সাসকাচোয়ান নদী উপত্যকায় প্রায়ই এ ধরনের পাথরের স্তূপ দেখতে পাওয়া যায়।

প্রাকৃতিক উপাদানের বাইরেও শিল্পকর্মটির উদ্ভাবক বেঞ্জামিন বল এবং গ্যাস্টন নোগেস চেয়েছিলেন ভাস্কর্যটির মাধ্যমে স্থানীয় আলবার্টার রাস্তার পাশের পরিচিত দৃশ্য তুলে ধরতে। তাদের মতে, এটি কেবল পাথরের স্তূপ নয়, বরং আলবার্টার মহাসড়কের পাশে সচরাচর যেসব খামার বা নির্মাণ সামগ্রীর স্তূপ দেখা যায়—যেমন বিটের স্তূপ, নুড়ি পাথর কিংবা বালির ঢিবি—তারই এক শৈল্পিক উপস্থাপন।

বিতর্ক আর প্রশংসার জোড়া টানে তালুস ডোম আজও এডমন্টন শহরের অন্যতম পরিচিত দৃশ্য হয়ে টিকে রয়েছে।

তথ্যসূত্র: অ্যাটলাস অবসকিউরা