নিকলীতে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ‘শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছিদ্দিক, অভিভাবক মো. সাফিউদ্দিন ও ফাতেমা খাতুন। স্বাগত বক্তব্য দেন নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিন আফরোজ (মুন্নী)।

মোহরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক (নবীর)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সোহানা নাসরিন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

অন্যদিকে, একই দিন দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেনের সঞ্চালনায় আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (আবীর), দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং দৈনিক আমার দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি হিমেল আহমেদ।

মতবিনিময় সভায় নিকলী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন বক্তারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম) শুকনো মৌসুমে সুপেয় পানির সংকটের কথা উল্লেখ করে পর্যাপ্ত গভীর নলকূপ স্থাপনের দাবি জানান। পাশাপাশি উপজেলার চলমান প্রধান সড়কের বেহাল অবস্থার বিষয়টিও জেলা প্রশাসকের দৃষ্টিতে আনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ বলেন, চলতি বছর আগাম পানি নেমে যাওয়ায় সারের চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা এ ফসলের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। ভবিষ্যতে সারসংকটের আশঙ্কায় অনেক কৃষক আগাম সার সংগ্রহ করে মজুত রাখছেন। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি অতিরিক্ত সারের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। জেলা প্রশাসক এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, হাওরাঞ্চলের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অতিবৃষ্টি, আগাম বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এসব সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়নে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি বরাদ্দ রয়েছে। হাওরাঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি কমাতে এসব সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা কার্যক্রমসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খাল খনন প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে খাল খনন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর ফলে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা কমবে, কৃষকরা সহজে মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারবেন এবং নদ-নদীর নাব্যতা রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ছাড়া বিভিন্ন স্থানে তালবীজ বপনের কার্যক্রমও চলমান রয়েছে।

নিকলী উপজেলার সড়কের বেহাল দশা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আগামী চার মাসের মধ্যে সড়ক মেরামতের কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর কাছে বিষয়টি জানতে চান এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় যোগাযোগ করার আশ্বাস দেন।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট হলেও স্থানীয় জনসংখ্যা ও প্রয়োজনের তুলনায় সেবার পরিধি আরও বাড়ানো জরুরি। তবে কোনো মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করেন তিনি।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতির উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।