মাটিচাপা ২৪ ঘণ্টা! অলৌকিকভাবে বেঁচে ফিরল ১১ মাসের শিশু!

আমাদের নিকলী ডেস্ক ।।

ঘন জঙ্গলের ভেতর পাতার স্তূপ সরিয়ে সবেমাত্র মাটি খুঁড়তে শুরু করেছেন উদ্ধারকর্মীরা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে মাটির নিচ থেকে ভেসে এল এক শিশুর মৃদু কান্নার শব্দ। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। শুরু হলো সময়ের সাথে পাল্লা দিয়ে প্রাণ বাঁচানোর লড়াই। যে শিশুটিকে প্রায় ২৪ ঘণ্টা আগে একটি তারের খাঁচায় ভরে এক ফুট মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, অলৌকিকভাবে সে তখনও বেঁচে আছে!

প্রায় এক দিন অন্ধকার আর দমবন্ধ করা মাটির নিচে থেকেও ১১ মাস বয়সী ছোট্ট কোয়াহ মৃত্যুকে জয় করে ফিরে এসেছে। কিন্তু যে নিষ্ঠুরতার ভেতর দিয়ে শিশুটি গিয়েছে এবং যে সামান্য একটি জিনিসের কারণে সে প্রাণে বেঁচে গেল, তা শুনলে যেকোনো মানুষের বুক কেঁপে উঠবে।

ঘটনার সূত্রপাত সোমবার (৯ নভেম্বর ২০২৬)। সেদিন ১১ মাস বয়সী কোয়াহ শার্প তার দাদির কাছেই ছিল। দুপুরে সেখানে আসেন শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমার। কিছুক্ষণ পর জরুরি কাজে দাদি বাইরে গেলে, আরেকজন পরিচর্যাকারী আসার আগপর্যন্ত কোয়াহকে তার বাবার জিম্মায় রেখে যান। কিন্তু কিছুক্ষণ পর সেই পরিচর্যাকারী এসে দেখেন, ঘর ফাঁকা—কোয়াহ বা তার বাবা মাইকেল কেউই সেখানে নেই।

দুপুরের দিকেই পুলিশকে বিষয়টি জানানো হয় এবং বাবা-ছেলের খোঁজে তল্লাশি শুরু হয়। তদন্তকারীরা মাইকেলের বাবার বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে শিশুটির কিছু জিনিসপত্র পড়ে আছে। তল্লাশি চলাকালীন পুলিশ কয়েকটি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, যেখানে মাইকেলকে একা ঘুরে বেড়াতে দেখা গেলেও তার সাথে শিশুটি ছিল না।

লেকসবার্গ এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সেদিন রাতেই মাইকেল কোমারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার সাথে কোয়াহ ছিল না। চুরি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হলেও, শিশুটির বিষয়ে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মাইকেল ধরা পড়লেও শিশুটির খোঁজ না মেলায় মঙ্গলবারও তল্লাশি অব্যাহত থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০০ সদস্যের একটি দল চিরুনি অভিযান চালায়। একপর্যায়ে মাইকেলের বাবার বাড়ির প্রায় ৫০ গজ দূরে জঙ্গলের ভেতর পাইন পাতার নিচে সদ্য খোঁড়া আলগা মাটির স্তূপ দেখতে পান উদ্ধারকর্মীরা।

সন্দেহ হওয়ায় সেখানে মাটি সরাতেই ভেতর থেকে ভেসে আসে কোয়াহর কান্না। শেরিফ জে কুন সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, “শব্দ শোনামাত্রই সবাই পাগলের মতো মাটি খুঁড়তে ঝাঁপিয়ে পড়ে। মাটি সরিয়ে দেখা যায়, কুকুর রাখার একটি তারের খাঁচার ভেতর শিশুটিকে ভরে পুঁতে রাখা হয়েছে।”

উদ্ধারের পর দেখা যায়, কোয়াহ তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কাঁদছে। শেরিফ কুন জানান, “জীবনে কোনো শিশুর কান্না শুনে এতটা আনন্দ আগে কখনো লাগেনি।” শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে।

কিন্তু প্রশ্ন হলো, এক ফুট মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা আটকে থেকেও কীভাবে শ্বাস নিল ১১ মাসের এই শিশু? পুলিশের ধারণা, খাঁচাটির চারপাশে একটি তোয়ালে প্যাঁচানো ছিল। মাটির চাপে খাঁচার ভেতরে বাতাস চলাচলের যে সামান্য ফাঁকা জায়গা বা ‘এয়ার পকেট’ তৈরি হয়েছিল, মূলত সেই তোয়ালেটির কারণেই তা সম্ভব হয়েছে। আর এই সামান্য বাতাসই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে ছোট্ট কোয়াহকে।

তথ্যসূত্র: Hindustan Times