শূন্য হিসাব

শূন্য হিসাব

একটা সময় পরে নতুন হিসাবের খাতা খুলে বসতে হয়,
নতুন করে ভাবতে হয়—অন্য কিছু, অন্য কোনো পথ।
আঁকতে হয় নতুন ছক—কী করলে কী হবে,
কোথাও কোনো ভুল চলবে না,
যেন ভুল করার অধিকারটুকুও ফুরিয়ে গেছে।

একটা সময় পরে কথাগুলোও গুছিয়ে নিতে হয়,
কে শুনবে, কেমন শোনাবে, কোন সুরে বললে মানাবে।
আধুনিক পরিবেশে সবকিছুই হওয়া চাই ঠিকঠাক—
ঝকঝকে, নিখুঁত, মুখস্থ হাসির মতো।

তারপর নিজের জায়গাটুকুও আর নিজের থাকে না,
সেখানে যেতে লাগে অনুমতি, থাকতে লাগে কারণ।
যে উঠোনে একদিন খালি পায়ে হেঁটেছি,
সেখানেও এখন পরিচয়পত্রের প্রয়োজন।

ধীরে ধীরে বুঝতে পারি,
জীবনের খেলাঘরও একদিন সাঙ্গ হবে,
সময়ও গুটিয়ে নেবে তার বিছানো সংসার।
তাই শেষ হিসাবটুকু কষতে বসি—
কোথাও কি রয়ে গেল কিছু বেহিসাবি?

শেষমেশ সব হিসাবই বড্ড হাস্যকর লাগে,
যেন নিভে যাওয়া প্রদীপের পাশে বসে
কেউ আলোর জমাখরচ লিখছে।

জীবনের পরিণতি যদি বিনাশই হয়,
তবে কিসের এত নিকেশ?

যা জমালাম, সবই তো রেখে যেতে হবে,
আর যা হারালাম, তার খতিয়ানও দেখবে না কেউ।
শেষ পাতাটা তাই শূন্যই থাক—
শূন্য দিয়েই তো শুরু হয়েছিল সব আয়োজন।।

 

নুরে মুন্তাহা শিমু

শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়