আমাদের নিকলী ডেস্ক ।।
বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সাধারণ সর্দি-কাশি বা ইনফ্লুয়েঞ্জা অনেক সময় মারাত্মক রূপ নিতে পারে, যার মধ্যে নিউমোনিয়া অন্যতম। বিশেষজ্ঞদের মতে, বয়স্কদের ক্ষেত্রে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় এই সংক্রমণ দ্রুত জটিল আকার ধারণ করে। তাই পরিবারে বয়স্ক সদস্য থাকলে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি।
কেন বয়স্করা নিউমোনিয়ার ঝুঁকিতে বেশি থাকেন?
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মূলত বয়সজনিত কিছু শারীরিক পরিবর্তনের কারণে বয়স্কদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়:
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: বয়স বাড়ার সাথে সাথে শরীরের ইনফেকশন বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়।
ফুসফুসের কাঠামোগত পরিবর্তন: বয়সের সাথে ফুসফুসের স্থিতিস্থাপকতা (elasticity) ও পেশি দুর্বল হয়ে পড়ে, ফলে ফুসফুস থেকে কফ বা শ্লেষ্মা সহজে বের হতে চায় না।
কাশির শিথিল প্রতিফলন (Impaired cough reflex): কাশির মাধ্যমে ফুসফুস পরিষ্কার করার প্রাকৃতিক প্রক্রিয়াটি বয়স্কদের ক্ষেত্রে কিছুটা দুর্বল হয়ে পড়ে।
খাবার গিলতে সমস্যা: অনেক সময় খাবার, পানি বা লালা ভুল করে শ্বাসনালীতে চলে যায়, যা থেকে অ্যাসপিরেশন নিউমোনিয়া (Aspiration Pneumonia) হতে পারে।
দীর্ঘমেয়াদী রোগ: ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা (COPD, হাঁপানি), হৃদরোগ বা কিডনির জটিলতা থাকলে এই ঝুঁকি আরও বাড়ে।
পুষ্টিহীনতা ও কম নড়াচড়া: শরীরে পুষ্টির অভাব এবং দীর্ঘ সময় বিছানায় শুঁয়ে থাকা বা কম নড়াচড়া করার ফলে ফুসফুসে বাতাস চলাচল কমে যায়।
বয়স্কদের নিউমোনিয়া কেন মারাত্মক হতে পারে?
তরুণদের তুলনায় বয়স্কদের শরীরে রোগ মোকাবিলার শারীরিক শক্তি বা রিজার্ভ কম থাকে। নিউমোনিয়ার কারণে ফুসফুসের থলিতে প্রদাহ শুরু হলে রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে অনেক কমে যেতে পারে। সময়মতো ব্যবস্থা না নিলে এটি রেসপিরেটরি ফেইলিওর (Respiratory Failure), সেপসিস এবং অন্যান্য অঙ্গের কার্যকারিতা নষ্ট করার মতো জীবনঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।
যে লক্ষণগুলো দেখে পরিবারের সদস্যদের সতর্ক হওয়া উচিত
সাধারণত নিউমোনিয়ার যে লক্ষণগুলো দেখা যায়, বয়স্কদের ক্ষেত্রে তা সবসময় একরকম নাও হতে পারে। অনেক সময় উচ্চ জ্বর বা প্রবল কাশি ছাড়াই রোগ ধরা পড়ে। তাই নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না:
⇒জ্বর অথবা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে হঠাৎ কমে যাওয়া।
⇒একটানা কাশি, কফ থাকা বা কফ ছাড়াও কাশি হওয়া।
⇒বুকব্যথা, শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া।
⇒অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা।
⇒হুট করে বিভ্রান্তি তৈরি হওয়া, মানসিক আচরণে পরিবর্তন বা অকারণে পড়ে যাওয়া।
⇒খাওয়ার রুচি কমে যাওয়া এবং সামগ্রিক স্বাস্থ্যের হঠাৎ অবনতি।
নিউমোনিয়া প্রতিরোধে করণীয় ও কিছু জরুরি টিপস
টিকা গ্রহণ: চিকিৎসকের পরামর্শ নিয়ে নিউমোকক্কাল ও বার্ষিক ইনফ্লুয়েঞ্জা টিকা সময়মতো দিয়ে নিন।
নিয়মিত সচল থাকা: শারীরিক সক্ষমতা অনুযায়ী হালকা ব্যায়াম বা হাঁটাচলা ফুসফুসের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে।
সুষম খাবার ও পুষ্টি: খাবারে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ রাখুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
পর্যাপ্ত পানি পান: চিকিৎসকের নিষেধ না থাকলে পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করুন।
মুখের সঠিক যত্ন: নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কার রাখা মুখের ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে।
ধূমপান বর্জন: তামাকজাত দ্রব্য এবং পরোক্ষ ধূমপান (second-hand smoke) থেকে দূরে থাকুন।
দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণ: ডায়াবেটিস, হাঁপানি বা হৃদরোগ নিয়মিত চেকআপের মধ্যে রাখুন।
পরিবারে বয়স্ক কেউ হঠাৎ করে বেশি দুর্বল হয়ে পড়লে, কাসতে শুরু করলে কিংবা অসংলগ্ন কথা বললে সেটিকে কেবল ‘বার্ধক্যের সাধারণ লক্ষণ’ ভেবে এড়িয়ে যাবেন না। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও সঠিক যত্নই পারে আপনার প্রিয়জনকে এই মারাত্মক ঝুঁকি থেকে নিরাপদে রাখতে।
তথ্যসূত্র: Hindustan Times








