হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভষ্মীভূত

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীর গড়দুয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ মার্চ ) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জোড়পুকুর পাড় এলাকার পেটান ফকিরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার রাতে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রাতে হঠাৎ হানিফের রান্নার চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা বেড়ে গিয়ে রান্নার ঘর থেকে শুরু করে বেড়া ও টিনসেডের ঘরে লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ি সেলিম ও ইসহাকের ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীরা আগুনের তীব্রতা দেখে আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ১টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবার পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ জনই আপন ভাই। হতদরিদ্র পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, মেখল-গড়দুয়ারা আজিজিয়া মজিদীয়া সড়কের বিভিন্ন স্থানে স্পিড ব্রেকারের কারণে দ্রুত গাড়ি চালাতে সমস্যা হয়। দ্রুত এ ব্যাপারে সমাধান না করলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে বলে জানান।

Similar Posts

error: Content is protected !!