হাটহাজারীতে সরকারি ঔষধের হরিলুট, ফার্মেসীতে ইউএনও’র হানা

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে সরকারি ঔষধের হরিলুট হচ্ছে। যে ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরীব অসহায় দরিদ্র পরিবারগুলো বিনামূল্যে পাওয়ার কথা সেই ঔষধ হাসপাতালে তো পাবে দূরের কথা, কখনো দেখাও যায় না বলে অনেকে অভিযোগ করেন। যেন সরকারি ঔষধ নিয়ে হরিলুটের বাজার বসছে ফার্মেসিগুলোতে। বড় একটি হাসপাতাল চক্র এ কাজে জড়িত না হলে এ ধরনের হরিলুটের সম্ভব নয় বলে সাধারণ জনগণ মনে করেন।

হাসপাতালের ঔষধ ফার্মেসিতে বিক্রি করে জানতে পেয়ে হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন হানা দিয়ে ৩টি ফার্মেসি থেকে ১৫১৬৮ পিস সরকারি ঔষধ জব্দ করেছে। প্রথম অভিযান বুধবার রাত ৯টায় হাটহাজারী পৌরসভার বাসস্টেশন মেখল রোডস্থ নিউ মেডিসিন হাউজ নামে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে কয়েক পদের সরকারি ঔষধ জব্দ করেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যায়। এসময় ফার্মেসি থেকে প্রায় ১১০৫২ পিস সরকারি ঔষধ জব্দ করে এবং দোকানটিকে সিলগালা করে দেয়। ইউএনও রুহুল আমিন প্রতিবেদককে বলেন, জব্দকৃত সরকারি ঔষধ ২০ পিস করে দিলেও প্রায় ৫শত জন রোগীকে দেয়া যেত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি ২০১৯) মিরেরহাট এলাকায় তারেক মেডিকেল হল ও মেসার্স আলম ফার্মেসি নামের দুটি দোকানে অভিযান পরিচালনা করে সরকারি ঔষধের পাশাপাশি ভারতীয় সর্বমোট ৪১১৬ পিস ঔষধ জব্দ করেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। জব্দকৃত ঔষধ কিলম্যাক্স, সুখী, সিপ্রোফ্লক্সাসিন, এ্যাজিথ্রোমাইসিন, অমিডন, ক্ল্যামক্স, ক্লপিড, সেফিক্সিন, মেট্রাডিন, কনসুকন, ফ্লুক্লোক্সিলিন, পডিডন, আপন, টাইসিল, লুমনা, নিরাপদসহ আরো বিভিন্ন ঔষধ। বিক্রি নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ওই দুই ফার্মেসিকে সিলগালা করেছেন জানিয়ে নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, আমি ক্ষুব্ধ আমি রাগান্বিত আমরা কি করছি এসব। যারা সরকারি মেডিকেলের ঔষধ বিক্রি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী বাসস্টেশনের পশ্চিমে বুলবুলি পাড়ায় একটি ভাড়া বাসায় ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার রুহুল আমিন। এ সময় ৫শ’ লিটার ভেজাল ঘি, ক্ষতিকারক রং ও ঘি তৈরির নানান সরঞ্জাম জব্দ করা হয়।

নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ঔষধ হচ্ছে ১২ কাটাগরি ও জন্মনিয়ন্ত্রণ ৩ কাটাগরি মোট ১৫ কাটাগরির ঔষধ জব্দ করেছি। ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে ও যে কোন অনিয়মের তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা।

Similar Posts

error: Content is protected !!