ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর স্বামী নূর মোহাম্মদ (৩৫) পলাতক রয়েছেন। নিহত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩০)। সোমবার (২২ জুলাই ২০১৯) রাত ৯টার দিকে উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা জানান, রামরামপুর তেলিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নূর মোহাম্মদ ২২ জুলাই রাতের খাবারের সময় তরকারি ভাল না হওয়ায় স্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে পিঠে কোপ দেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রতিবেশিরা চিৎকার শুনে বাড়ি এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর পলাতক রয়েছেন ঘাতক স্বামী নূর মোহাম্মদ।
উল্লেখ্য, নূর মোহাম্মদ ২ সন্তানের জনক এবং প্রায় ৭ বছর আগে ১ম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে ঢাকায় রিকশা চালাতে গিয়ে গার্মেন্টস কর্মী সাবিনার সাথে পরিচয়। পরবর্তীতে এই সম্পর্ক ধরেই নূর মোহাম্মদ ২য় বিয়েতে আবদ্ধ হন। বিয়ের প্রায় ৩ বছর পর রাজশাহীর মতিহার থানার বাকড়াবাদ (ইমামপাড়া) গ্রামের মৃত নুরুল হকের মেয়ে সাবিনা ইয়াসমিনকে নেশাখোর স্বামীর হাতে প্রাণ দিতে হলো।
নূর মোহাম্মদ ধামইরহাট থানার একাধিক মাদক মামলার আসামি বলে থানা সূত্র জানায়। এ ঘটনায় মৃতের ভাই বুলবুল হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তারিখ-২৩/০৭/১৯ ইং।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

