আমাদের নিকলী ডেস্ক ।।
বলিউডে বর্তমানে অভিনয়শিল্পীদের বিপুল অঙ্কের ‘এন্টারেজ কস্ট’ বা ব্যক্তিগত কর্মীদের পেছনে প্রযোজকদের বিপুল ব্যয়ের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। এই অবস্থায় বর্তমান সময়ের অভিনেতাদের প্রতি কিছুটা সহানুভূতিশীল হওয়ার এবং নিজেদের কর্মীদের ব্যয় নিজেরাই বহন করার আহ্বান জানিয়েছেন প্রবীণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কেসি বোকাডিয়া। সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান এবং রজনীকান্তের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এই কিংবদন্তি অভিনেতারা কখনো প্রযোজকদের দিয়ে নিজেদের ব্যক্তিগত কর্মীদের বেতন দেওয়াননি।
চলচ্চিত্রের শুটিংয়ের পরিবেশের আমূল পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে কেসি বোকাডিয়া নব্বইয়ের দশকের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) শুটিং চলাকালে জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফকে একটি স্যুট ঘরের বদলে সাধারণ ডাবল রুম দেওয়া হয়েছিল। বোকাডিয়া বিষয়টি লক্ষ্য করে ব্যবস্থা নিতে চাইলে জ্যাকি শ্রফ নিজেই তাতে আপত্তি জানান এবং অতি সাধারণ এই ব্যবস্থাতেই সানন্দে কাজ করেন।
বর্তমানে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন এই বর্ষীয়ান নির্মাতা। তিনি বলেন, আজকাল একেকজন অভিনেতা শুটিং সেটে চার থেকে দশটি পর্যন্ত ভ্যানিটি ভ্যান দাবি করেন। তিনি বর্তমান প্রজন্মের তারকাদের উদ্দেশ্য করে বলেন, “অমিতাভ বচ্চন কখনো নিজের কর্মীদের বেতন প্রযোজকদের কাছ থেকে নেননি। শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত—তারা কেউই কখনো প্রযোজকদের ওপর নিজেদের ব্যক্তিগত কর্মীদের খরচের বোঝা চাপাননি। বর্তমানের অভিনেতাদের অন্তত তাদের সমপর্যায়ে পৌঁছানো উচিত এবং সেই পেশাদারিত্ব ও উদারতা দেখানো উচিত।”
তিনি আরও জানান, আজকাল প্রধান তারকাদের পাশাপাশি তাদের দল বা ব্যক্তিগত কর্মীদের খরচও প্রযোজকদের বহন করতে হয়, যা চলচ্চিত্রের মূল বাজেটের ওপর বড় প্রভাব ফেলছে। শুধু তারকারাই নন, বর্তমানে শুটিং সেটের কর্মীদের মজুরিও অস্বাভাবিক হারে বেড়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
ভ্যানিটি ভ্যানের অযৌক্তিক দাবি ও অনুষঙ্গিক খরচের চিত্র তুলে ধরে কেসি বোকাডিয়া বলেন, “আমরা শুনেছি সেটে কেবল চা তৈরি করেন এমন ব্যক্তি বা ম্যানেজারের দৈনিক ভাতা দাঁড়াচ্ছে দেড় লাখ রুপি পর্যন্ত। দিনে শুটিংয়ের জন্য ১ থেকে ২ লাখ রুপি দাবি করা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ৫০ হাজার রুপির নিচে তো কেউ কথাই বলেন না। তারা সাধারণ ভ্যানিটি ভ্যান চান না, জিম সুবিধা সংবলিত ভ্যান চান। আমরা তাদের কাছে মিনতি করে বলছি—দয়া করে প্রযোজকদের ওপর একটু দয়া করুন। নাহলে এমন একদিন আসবে যখন প্রযোজকদের বাঁচানোর মতো কেউ থাকবে না।”
উল্লেখ্য, কেসি বোকাডিয়া ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রখ্যাত পরিচালক ও প্রযোজক। ১৯৮০, ১৯৯০ এবং ২০০০-এর দশকে তিনি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রজনীকান্ত ও জিতেন্দ্রর মতো তারকাদের নিয়ে বহু হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার পরিচালিত ও প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আজ কা অর্জুন’, ‘ফুল বানে অঙ্গারে’, ‘ত্যাগী’, ‘ইনসানিয়াত কে দেবতা’, ‘শক্তিমান’, ‘খোদা কসম’, ‘লাল বাদশা’ এবং ‘হাম তুমহারে হ্যাঁয় সানাম’।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস








