মোঃ নুরুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার আসামি এবং ৩২ পিস ইয়াবাসহ পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।
গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতিরচর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতিরচর দক্ষিণপাড়ার মতি মিয়ার ছেলে জহিরুল ইসলাম ওরফে মুন্না (৪০)। তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার আসামি। অপরজন একই এলাকার মৃত ছাদির পাগলার ছেলে তাইজ উদ্দিন ওরফে তাজু পাগলা (৪৭)। তাকে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ নিজে অভিযানে অংশ নেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় এসআই কৌশিক মল্লিক, এসআই শারিফুজ্জামান, এসআই জাকিরসহ পুলিশের একটি দল ছাতিরচর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ ছাতিরচর এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে মুন্নাকে এবং অপর অভিযানস্থল থেকে ইয়াবাসহ তাইজ উদ্দিন ওরফে তাজু পাগলাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযানে তিনি নিজেই পুলিশের সদস্যদের সঙ্গে অংশ নেন। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ওরফে মুন্নার বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩এ/৪ ধারায় এবং তাইজ উদ্দিন ওরফে তাজু পাগলার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা-সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিকলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।








