আমাদের নিকলী ডেস্ক ।।
“পুরো গল্পের শুরু হয়েছিল হিস্পানিওলার এক বিলুপ্ত পাখিকে ঘিরে,” বলছিলেন ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাবেক পোস্টডক্টরাল গবেষক মিন ঝাও (বর্তমানে উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক)।
১৯৮৪ সালে হিস্পানিওলা দ্বীপের একটি গুহা থেকে কয়েকটি জীবাশ্ম উদ্ধার করেন গবেষকেরা। ২০১৫ সালে সেগুলো দেখে পাখিটিকে উডকক (woodcock) হিসেবে শনাক্ত করা হয়েছিল। লম্বা, সামান্য বাঁকানো ঠোঁটের এই পাখিগুলো হাঁটার সময় সামনে-পেছনে এমনভাবে দোলে যেন তালে তালে নাচছে। বিজ্ঞানীদের ধারণা, বৃষ্টির ফোঁটার কম্পন নকল করে মাটির নিচের কেঁচো ওপরে তুলে আনতেই এদের এই কৌশল।
তবে “প্রসিডিংস অব দ্য ন্যাচারাল একাডেমি অব সায়েন্সেস” (PNAS)-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় জীবাশ্মের প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে, উডকক ভাবা পাখিটি আসলে এক ধরনের স্নাইপ (snipe)। প্রায় আড়াই কোটি বছর আগে একই পূর্বপুরুষ থেকে আলাদা হওয়া উডকক ও স্নাইপ দেখতে প্রায় একই রকম। তা ছাড়া দ্বীপের পাখিদের সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী এর ডানা ছিল ছোট আর পা বড়।
পরিযান ছেড়ে দ্বীপে স্থায়ী বসতি
তীরচর পাখিরা (shorebirds) দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সেরা চ্যাম্পিয়ন। ফ্লোরিডা মিউজিয়ামের ইমেরিটাস কিউরেটর ও সহলেখক ডেভিড স্টেডম্যান জানান, আর্কটিকে বাসা বেঁধে শীত কাটাতে দক্ষিণ আমেরিকায় যাওয়া এদের সাধারণ স্বভাব। এমনকি রেডিও-ট্যাগ লাগানো একটি ব্রিসল-থাইড কার্লিউ বিরতিহীন ১০ হাজার কিলোমিটার উড়ে নিউজিল্যান্ডে পৌঁছেছিল।
কার্লিউদের মতো উডকক ও স্নাইপও দীর্ঘ পথ পাড়ি দেয়। তবে ব্যতিক্রম হলো, এদের কয়েকটি প্রজাতির পূর্বপুরুষ পরিযান ছেড়ে ক্যারিবিয়ান, জাপান, ইন্দোনেশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগর ও বৃহত্তর নিউজিল্যান্ড অঞ্চলের নানা দ্বীপে স্থায়ীভাবে থিতু হয়েছে। যেমন, জীবিত আট প্রজাতির উডককের ছয়টিই নির্দিষ্ট দ্বীপের নিজস্ব।
জাদুঘরের নমুনায় বংশলতিকা ও মহাসাগর পাড়ি
উডকক ও স্নাইপের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ইতিহাস জানতে গবেষকেরা জাদুঘরের সংগ্রহে থাকা ২৯টি জীবিত প্রজাতির মধ্যে ২৮টির এবং বিলুপ্ত হিস্পানিওলান ও সাউথ আইল্যান্ড স্নাইপের (১৯৬৪ সালে কালো ইঁদুরের আক্রমণে বিলুপ্ত) ডিএনএ বিশ্লেষণ করেন। গবেষক জেসিকা অসওয়াল্ড ও ব্রায়ান স্টাকির নেতৃত্বে জীবাশ্মের বয়সের সঙ্গে ডিএনএ তথ্য মিলিয়ে তৈরি করা হয় সময়ভিত্তিক বংশলতিকা। অসওয়াল্ডের আগের গবেষণাগুলোতেও প্রাচীন ডিএনএর মাধ্যমে ক্যারিবিয়ান কেভ রেইল, তোতা ও কিউবার বিপন্ন ঘুঘুর বিবর্তনের অজানা ইতিহাস উঠে এসেছিল।
নতুন গবেষণায় দেখা গেছে, প্রায় দুই কোটি বছর আগে ইউরেশিয়া থেকে উডকক উত্তর আমেরিকায় যায়। একই সময়ে ইউরেশিয়ার স্নাইপ প্রচলিত উত্তর-দক্ষিণ পথ ছেড়ে পশ্চিম দিকে পুরো একটি মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছে নতুন প্রজাতিতে রূপ নেয়। এর প্রায় ৭০ লাখ বছর পর দক্ষিণ আমেরিকার স্নাইপেরা আরও বড় চমক দেখিয়ে পাড়ি জমায় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে।
নিউজিল্যান্ডের অস্ট্রাল স্নাইপ বা ‘তুতুকিউই’ দেখতে দক্ষিণ আমেরিকা ও ইউরেশিয়ার স্বজনদের চেয়ে এতটাই আলাদা যে এদের আলাদা গণ “Coenocorypha”-এ রাখা হয়েছিল। কিন্তু ডিএনএ বলছে, বেশভূষা বদলালেও এরা আসলে দক্ষিণ আমেরিকার স্নাইপ বংশেরই অংশ। ভবিষ্যতে বিজ্ঞানীদের এদের শ্রেণিবিন্যাস নতুন করে ভাবতে হতে পারে।
শিকার ও আগ্রাসী প্রাণীতে বিলুপ্তি
এক গোলার্ধের এত দূরের ভূখণ্ডে সরাসরি উড়ে যাওয়ার বদলে অসওয়াল্ডের অনুমান, প্রশান্ত মহাসাগরের নানা দ্বীপে হয়তো এমন অনেক কাছের প্রজাতি ছিল যা মানুষের হাতে বিলুপ্ত হয়েছে। তার ভাষায়, ক্ষুধার্ত অভিযাত্রী বা তিমিশিকারিরা কোনো দ্বীপে নামলে সপ্তাহান্তেই পুরো পাখির দল শেষ করে দিতে পারত।
১৯৭৬ সালে “দ্য নিউ ইয়র্কার”-এ প্রকৃতিবিদ পিটার ম্যাথিসেন লিখেছিলেন, উনিশ শতকে বন্দুকধারীরা একদিনেই হাজার হাজার পাখি মারত। এস্কিমো কার্লিউ মাটিতে পড়া সঙ্গীদের ডাকে সাড়া দিতে বন্দুকের সামনেই বারবার ফিরে আসত—অতিরিক্ত শিকারে যা আজ বিলুপ্ত। ছদ্মবেশী পালকে অতিরিক্ত ভরসা করা থিক-নি পাখিও বিপদ বুঝে পালাত না।
মানুষের সংস্পর্শ না পাওয়া দ্বীপের পাখিদের মধ্যে ভয় না থাকার এই স্বভাব আরও বেশি। শিকারের পাশাপাশি মানুষের সঙ্গে আসা ইঁদুর ও বিড়ালের মতো আগ্রাসী প্রাণী সতেরো শতকের পর ক্যারিবিয়ান স্নাইপসহ “Coenocorypha” গণের আরও ছয়টি প্রজাতিকে পৃথিবী থেকে মুছে দিয়েছে।
তথ্যসূত্র: ফিজ ডট অর্গ








