ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা চালু না করলে শাস্তি

আমাদের নিকলী ডেস্ক ।।

২০১৮ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত করে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়ন না করা হলে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আবদুল মান্নান বলেন, ‘লাইব্রেরি ঘণ্টা রুটিনে অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়নে তাগাদা দেয়া হবে। তার পরেও যদি কোনো প্রতিষ্ঠান তা না করে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় নেয়া হবে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাধারণ জ্ঞান অর্জনে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রস্তাব দেয়া হয় শ্রেণিকক্ষে সাধারণ বিষয় যেমন পড়ানো হয়, তেমনি করে লাইব্রেরিতে পড়াশুনা করার জন্য ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত করতে হবে। ওই প্রস্তাবে বলা হয়েছিল— নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা ক্লাসের বইয়ের বাইরে অন্যান্য বই পড়বে, বিতর্ক প্রতিযোগিতা ও আবৃত্তিতে অংশ নেবে, দেয়াল পত্রিকা বানানো শিখবে এবং বইপড়া নিয়ে আলোচনায় অংশ নেবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। লাইব্রেরি ঘণ্টা রুটিনে অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করার কথাও বলা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী পরের বছর ২০১৭ শিক্ষাবর্ষ থেকে তা রুটিনে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করার নির্দেশ দেয় মাউশি। তবে সরকারের সরবরাহ করা রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনা মানতে পারেনি। তবে নিজেদের মতো করে সাধারণ লাইব্রেরি কার্যক্রম চালু রাখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

২০১৭ সালে মাউশি ওই নির্দেশনা দিলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত না করায় অভিযোগ ওঠে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এ কারণে ২০১৮ শিক্ষাবর্ষ থেকে এ নির্দেশনাটি কার্যকর করার জন্য আবার নতুন করে আদেশ জারি করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আদেশ জারির পর মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি কিছু প্রতিষ্ঠান আগের নির্দেশনাটি মানছে না। বারবার তাগাদা দিয়েও যদি কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা না মানে তাহলে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেবো।’

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান থাকলেও তেমনভাবে লাইব্রেরিই গড়ে তোলা হয়নি। আর যেসব প্রতিষ্ঠানে লাইব্রেরি রয়েছে সেসব প্রতিষ্ঠানও এ বিষয়ে উদাসীন।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান পদ না থাকলেও লাইব্রেরি রয়েছে। শ্রেণি শিক্ষকদের দায়িত্ব দিয়ে লাইব্রেরির কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে কারিকুলামে লাইব্রেরি ঘণ্টা না থাকায় এই ক্লাস চালু করতে পারেনি কোনও প্রতিষ্ঠান।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বলেন, ‘লাইব্রেরি ক্লাস নেই। তবু আমরা লাইব্রেরি কার্যক্রম চালু রেখেছি। লাইব্রেরি ঘণ্টা চালু করতে হলে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। তা না হলে কোন ক্লাস বাদ দিয়ে লাইব্রেরি ঘণ্টা চালু করবো? শিক্ষার্থীদের ছুটির আগে ও পরে আমরা লাইব্রেরি কার্যক্রমসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম চালু রেখেছি।’

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ‘আমাদের লাইব্রেরি রয়েছে, তবে লাইব্রেরিয়ান পোস্ট নেই। আমরা শ্রেণি শিক্ষককে দায়িত্ব দিয়ে লাইব্রেরি কার্যক্রম চালাই।’

রাজশাহীর চারঘাট উপজেলার উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মখলেসুর রহমান বলেন, ‘দুই বছর আগে সরকার কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে রুটিন পাঠানো হয়েছে। সেই রুটিন অনুযায়ী ক্লাস নেই। সুনির্দিষ্ট নির্দেশনা পেলে লাইব্রেরি ঘণ্টা নিয়মিত চালু করা যাবে। তবে আমরা সাধারণ লাইব্রেরি কার্যক্রম চালু রেখেছি।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে ২০১৮ শিক্ষা বছরের শুরু থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি রুটিনে লাইব্রেরি ঘণ্টা অন্তর্ভুক্ত করার কথা হয়। আদেশে আরও বলা হয়, ‘লাইব্রেরি ঘণ্টায় শিক্ষার্থীদের লাইব্রেরিতে গমন ও পৃথক লাইব্রেরি কক্ষ না থাকলে শ্রেণিকক্ষেই বই লেনদেন ও বিতর্ক, গল্প বলা, আবৃত্তি, দেয়াল পত্রিকা প্রস্তুত, বই পড়া নিয়ে আলোচনা ইত্যাদি সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে লাইব্রেরি ঘণ্টার কার্যক্রম নিবিড় পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করতে হবে জেলা শিক্ষা ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের।

সূত্র : মাধ্যমিকের ক্লাস রুটিনে লাইব্রেরি ঘণ্টা চালু না করলে শাস্তি  [বাংলা ট্রিবিউন, ৬ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!