আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ আদালতের এজলাসে আনার পর মানিক মিয়া (৬০) নামে এক আসামি জ্ঞান হারিয়ে ফেলেন। এর কিছুক্ষণ পর মৃত্যু হয়েছে তার।
রোববার (১৮ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
রোববার (১৮ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।
মানিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে।
আদালত সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে নারান্দী গ্রামের পাশের গ্রাম সুপন্দীর বাসিন্দা গোলাম মোস্তফার দায়েরকৃত মামলার আসামি ছিলেন মানিক মিয়া। রোববার (১৮ মার্চ) দুপুরে মানিক মিয়াকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। একপর্যায়ে আদালতের এজলাসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ অবস্থায় মানিক মিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র : আদালতের এজলাসে জ্ঞান হারিয়ে আসামির মৃত্যু [বাংলা নিউজ, ১৮ মার্চ ২০১৮]

