জন্মের ২দিন পর থেকেই আধা লিটার করে দুধ দিচ্ছে বাছুর!

আমাদের নিকলী ডেস্ক ।।

আপেক্ষিকভাবে অলৌকিক মনে হলেও ঘটনাটি শতভাগ সত্য। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২৩ দিন বয়সী গাভীর বাচ্চা (বাছুর)। এমন ঘটনা ঘটেছে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামে।

গত ২৩ দিন আগে ওই গ্রামের পিয়ার মণ্ডলের একটি বিদেশি জাতের গরুর মাদি বাছুরের জন্ম হয়। জন্মের ২ দিন পর থেকেই বাছুরটি প্রতিদিন দুধ দিচ্ছে। এমন ঘটনা জানার পর তার বাড়িতে বাছুরটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন।

গাভীর মালিক পিয়ার মণ্ডল জানান, বাচ্চাটি জন্মের পর আমরা ভেবেছিলাম স্তনে টিউমার হয়েছে। কিন্তু ২ দিন পর থেকে ধীরে ধীরে বড় হয়ে পূর্ণাঙ্গ স্তনে পরিণত হয় এবং আপনা-আপনি দুধ বের হতে থাকে। এরপর প্রতিদিন আধা লিটার করে বাছুরটি দুধ দিচ্ছে।

এ ব্যাপারে উপজেলা পশু ডাক্তারদের জানালে তারা এসে দেখে গেছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে বাছুরটি দেখতে যাই। এখনও বাচ্চাটি সুস্থ রয়েছে। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে।

তবে অতি উৎসাহিত হয়ে বাছুরটির স্তন থেকে দুধ বের না করার পরামর্শ দেন তিনি।

জন্মের ২দিন পর থেকেই আধা লিটার করে দুধ দিচ্ছে বাছুর!

সূত্র : আধা লিটার করে দুধ দিচ্ছে ২৩ দিনের বকনা বাছুর!  [সময় নিউজ, ১২ এপ্রিল ২০১৮]