নিকলী থেকে আটক চার মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আমাদের নিকলী ডেস্ক ।।

নিকলীতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদের নেতৃত্বে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে দেড় বছর (এক বছর ছয় মাস) করে বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ মে ২০১৮) রাতে নিকলী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদের দেয়া তথ্য মতে দণ্ডিতরা হলেন, মো. পলাশ (৩২), মো. বিল্লাল মিয়া (৪২), মো. লাদেন (১৮) ও মো. লিমন মিয়া (২৪)।

দণ্ডিতদের মধ্যে মো. পলাশ পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মো. আমিনের ছেলে, মো. বিল্লাল মিয়া কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের মৃত দোলা মিয়ার ছেলে, মো. লাদেন করগাঁও গ্রামের মো. জামাল মিয়ার ছেলে এবং মো. লিমন মিয়া পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মো. বুলবুল মিয়ার ছেলে।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, আটক হওয়া চার ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চার জনের প্রত্যেককে এক বছর ছয় মাসের (দেড় বছর) বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সূত্র : নিকলী থেকে চার মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড  [কিশোরগঞ্জ নিউজ, ২৩ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!