আমাদের নিকলী ডেস্ক ।।
মক্কার মসজিদুল হারাম কমপ্লেক্সে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মসজিদের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ সময় সেখানে কয়েক হাজার ওমরাহ পালনকারী কাবাঘর তাওয়াফ করছিলেন।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। কাবার মসজিদুল হারামের কমপ্লেক্সে থাকা ভিডিও থেকে দেখা যায় যে আত্মহত্যাকারী ব্যক্তি নিরাপত্তা বেড়াতে লাফ দিয়ে পড়ছেন এবং কান্না করছেন। এরপরই তিনি মারা যান।
সৌদি আরবের স্থানীয় সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে যে আত্মহত্যাকারী ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি ফ্রান্সের নাগরিক। সম্প্রতি তিনি মুসলিম হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আত্মহত্যার ঘটনা তদন্ত করছে।
এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না তা তদন্তে জানা যাবে। ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ, এটাকে মহাপাপ হিসেবে অভিহিত করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে মসজিদুল হারামের কমপ্লেক্সে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু বাধার কারণে তিনি আত্মহত্যা করতে পারেননি।

সূত্র : মক্কায় নও-মুসলিমের আত্মহত্যা [নয়া দিগন্ত, ৯ জুন ২০১৮]

