ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর সেই ভালোবাসা দিবস প্রেমিক-প্রেমিকাকে ফুল দিয়ে নয়, দিবসটি পালন করলো চেয়ে খাওয়া ৫ জন প্রবীণ বৃদ্ধকে উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে। নওগাঁর ধামইরহাটে অসহায় ৫ জনকে নিয়ে এমনই ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধামইরহাটের যুব ও তরুণ সমাজের আলোকবর্তিকা “দেখাবো আলোর পথ” নামক সংগঠন।
১৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মঙ্গলকোঠা গ্রামের আলোচিত সেই বৃদ্ধা জোবেদা বেওয়া (৮০), মহির উদ্দিন (৭৫) অমরপুর গ্রামের গোলেজন (৬৫), শল্পী গ্রামের প্রতিবন্ধী আমজাদ (৪০) ও মইশড় গ্রামের শফির উদ্দিনকে (৬৬) হোটেল কাফে কিং প্লাসে নিয়ে মাছ-মাংস-দধি-মিষ্টান্নসহ উন্নতমানের খাবার প্রদান করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, কোষাধক্ষ রাজু ও সদস্য নুর আলম।
ভুক্তভোগী জোবেদা ও গোলেজানসহ অন্যান্যরা বলেন, ‘মাছ-মাংস দিয়ে ভাল খাবার পেয়ে মনে হচ্ছে আজকে যেন ঈদের দিন’।
উপজেলা প্রকৌশলী আলী হোসেন বলেন, “সুবিধাবঞ্চিত ও অসহায়দের আজকের মতো বিশেষ দিনে ভালো মানের খাবার প্রদান নিঃসন্দেহে ভাল কাজ। বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের বিত্তবানদের কেবলমাত্র সদিচ্ছা থাকলেই এমন হাজারও অসহায়রা সকলের ভালোবাসা পেত।”


