শিক্ষার্থীদের কল্যাণে ধামইরহাট থানার ওসি’র ব্যতিক্রমী উদ্যোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক, সমাবেশ শেষে এবার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে মনোযোগ দিয়েছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম।

সম্প্রতি উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ, মাদকের কুফল ও বাল্য বিয়ের ভয়ানক পরিণতি সম্পর্কে অবগত করে তাদের সুস্থ্যধারার জীবন পরিচালনার পরামর্শ প্রদান করেন। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করেন তিনি।

সরেজমিন দেখা গেছে, গত দুই দিনে সদ্য যোগদানকৃত পিএসআই মো. রিয়াজ আহমেদ ও সেলিম উদ্দিনকে সাথে নিয়ে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্য বিয়েতে মত না দিতে শপথ করান এবং উপজেলার দূরবর্তী ভেড়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মাদক-জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভার উপস্থিতি ছিল দেখার মত।

থানায় বসে না থেকে সরকারি দায়িত্বের পাশাপাশি ওসি জাকিরুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববোধ থেকে উপজেলার প্রত্যন্ত এলাকার প্রতিটি বিদ্যালয়ে মাদক-জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করার মনোভাবকে সুধীমহল সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন গ্রামে, আদিবাসী পল্লীতে মাদকবিরোধী সমাবেশ করে অনেক মাদকসেবীকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এর ফলশ্রুতিতে তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনের নিকট থেকে সম্মাননাও পেয়েছেন।

এ বিষয়ে ওসি জাকিরুল ইসলাম বলেন, “ধামইরহাট উপজেলায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এ অঞ্চলের সকল শিক্ষার্থী আমার সন্তানের মতো। তাদের ভবিষ্যত ও কল্যাণের জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা থেকেই নিজেকে বাকী জীবন দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।”

এলাকাবাসী ও অভিজ্ঞমহল মনে করেন দেশের প্রতিটি উপজেলায় জাকিরুল ইসলামের মতো অফিসার ইনচার্জের ভূমিকা অব্যাহত থাকলে অতি অল্প সময়ে বাংলাদেশ মাদকমুক্ত হবে।

Similar Posts

error: Content is protected !!