পরীক্ষায় নকলের দায়ে ৫২ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

আমাদের নিকলী ডেস্ক ।।

পরীক্ষায় নকল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানোয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল ২০১৯) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড (ডিবি)। অন্যদিকে ঢামেকের চার শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য ট্যাবুলেশন শিটে কম নম্বর দেয়ার অভিযোগ আসে। তাদেরও ডিবির সভায় দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়।

দু’টি বিষয় সিন্ডিকেটের সভায় চূড়ান্তভাবে অনুমোদন হয়। এছাড়া ইতিহাস বিকৃতির দায়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে, তা ঠিক করতে অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দীনকে দায়িত্ব দেয়া হয়। তারা আগামী সিন্ডিকেটের সভায় এ বিষয়ে তাদের মতামত তুলে ধরবেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ডিবির সুপারিশ সিন্ডিকেট অনুমোদন দিয়েছে।

 

সূত্র : বাংলানিউজ

Similar Posts

error: Content is protected !!