নিকলীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নিকলী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কারপাশা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তামান্না আক্তার, নিকলী সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাসমিন আক্তার, সাংবাদিক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক উপজেলা সভাপতি রেখা আক্তার, পিএফজি নেতা ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, দি হাঙ্গার প্রজেক্টের মাঠ সমন্বয়কারী মো. আক্তারুজ্জামান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিএফজি’র পিস অ্যাম্বাসেডর মো. সাইফুল ইসলাম।

নারী উদ্যোক্তা সাইলা আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য টপি আক্তার, মহিলা ইউপি সদস্য মারজিয়া আক্তার, সাবেক মহিলা ইউপি সদস্য রুমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু অর্থনৈতিক স্বাবলম্বিতা নয়; বরং নিজেদের জীবন ও সিদ্ধান্তের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা অর্জন। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণে নারীদের সমঅধিকার নিশ্চিত করতে পারলেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, নারীদের আত্মমর্যাদা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ব্যক্তি, সমাজ ও সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা মত প্রকাশ করেন।

Similar Posts

error: Content is protected !!