আমাদের নিকলী ডেস্ক ।।
নিজের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তি পাওয়ার এক দশক পর এক আবেগময় বার্তায় অনুভূতির কথা শেয়ার করলেন নির্মাতা করণ জোহর। একতরফা ভালোবাসা ও ব্যক্তিজীবনের নানা ভাঙা-গড়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সিনেমাটি নিয়ে তিনি বলেন, এতে বেশ কিছু ত্রুটি ছিল এবং বিশেষ করে ছবির শেষ বা ‘থার্ড অ্যাক্ট’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। তবুও আজ যদি আবার এই গল্প বলতে হতো, তবে আগের মতোই বলতেন তিনি।
ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে পোস্ট করা একটি ভিডিওর সঙ্গে দীর্ঘ বার্তায় করণ জোহর জানান, কিভাবে নিজের ভালোবাসা, আকুলতা এবং হৃদয়ভাঙার নানা স্মৃতি এই রোমান্টিক ড্রামা তৈরির পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে। একই সঙ্গে ছবির তারকা ও কুশলীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
করণ জোহর উল্লেখ করেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত গল্প। সিনেমাটি বানানোর পেছনের মূল ভাবনা ছিল—একতরফা ভালোবাসাকে সবসময় কষ্ট কিংবা করুণার চোখে দেখার প্রয়োজন নেই।
করণ লেখেন, “অ্যায় দিল হ্যায় মুশকিল সবসময়ই আমার কাছে এক ব্যক্তিগত গল্প হয়ে থাকবে। ভালোবাসা ও আকুলতার পেছনে আমার ছুটি আর হৃদয়ভাঙার বহু টুকরো স্মৃতির এক সমাহার এটি। আমার জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে অনুধাবন করেছিলাম যে, একতরফা ভালোবাসার জন্য আফসোস বা সমবেদনার প্রয়োজন নেই। কাউকে ভালোবেসে তার কাছ থেকে প্রতিদান পাওয়ার চেয়ে ভালোবাসতে পারার যে আনন্দ, সেটির শক্তি অনেক বড়। নিজের ভেতরের অনুভূতিকে শক্তিশালী করতে কারো ভালোবাসার প্রতিদানের ওপর নির্ভর করতে হয় না।”
ভালোবাসায় নিঃস্বার্থতার ব্যাখ্যা দিয়ে এই নির্মাতা আরও বলেন, “কাউকে ভালোবাসার মূল কথা হলো নিঃস্বার্থ হওয়া। প্রেমিক হিসেবে আমাদের ‘আমি তোমাকে ভালোবাসি’র ভেতর থেকে ‘আমি’ শব্দটিকে আলাদা করে দেখতে হবে। প্রকৃত ভালোবাসা সেখানেই বাস করে, যেখানে কোনো স্বার্থ নেই। এই ভাবনাই আমাকে গল্পটি বলতে বাধ্য করেছিল।”
ছবিটিকে নিজের হৃদয়ের খুব কাছের দাবি করলেও এটি নিয়ে হওয়া সমালোচনার বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করেছেন করণ জোহর। ছবির শেষ অংশ নিয়ে দর্শকদের যে নেতিবাচক প্রতিক্রিয়া বা বিভাজন ছিল, তা সত্ত্বেও নিজের কাজের প্রতি তিনি অবিচল।
করণ লেখেন, “আমি স্বীকার করি এটি ত্রুটিহীন ছিল না। বিশেষ করে ছবির শেষ অঙ্ক বা থার্ড অ্যাক্ট নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে সত্যি বলতে, যদি আজও আমাকে এই গল্প বলতে হয়, সমস্ত ভুল আর অসম্পূর্ণতা সত্ত্বেও আমি একইভাবে গল্পটি বলব।”
শিল্প প্রকাশের স্বাধীনতার পক্ষে মতামত জানিয়ে এই পরিচালক বলেন, কোনো শিল্পই শতভাগ নিখুঁত হতে পারে না এবং দর্শকেরও নিজস্ব মতামত দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তবে একজন অকপট গল্পবলিয়ে হিসেবে যুক্তি বা হিসাব-নিকাশের চেয়ে নিজের বিশ্বাস বা অনুভূতির শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ফাওয়াদ খানকে ধন্যবাদ জানিয়ে করণ জোহর বলেন, তার দৃষ্টিভঙ্গির ওপর বিশ্বাস রেখে তারা প্রত্যেকে চমৎকার অভিনয় উপহার দিয়েছেন। পাশাপাশি ছবির সেটে উপযুক্ত ‘বাতাবরণ’ বা পরিবেশ তৈরির জন্য পুরো কাস্ট ও ক্রুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বার্তার শেষভাগে সিনেমার মূল বিষয় ‘একতরফা প্রেম’-এর কথা আবার মনে করিয়ে দিয়ে ভক্তদের ভালোবাসা জানানকরণ জোহর। একই সঙ্গে ছবির জনপ্রিয় গানের কালজয়ী সংলাপ দিয়ে বিদায় জানান তিনি— “আচ্ছা চলতা হু, দুয়াও মে ইয়াদ রাখনা।”
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটিতে অয়ন চরিত্রে রণবীর কাপুর ও আলিজে চরিত্রে অভিনয় করেন আনুশকা শর্মা। একতরফা প্রেম ও জটিল সম্পর্কের সমীকরণ তুলে ধরা এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফাওয়াদ খানও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। মুক্তির ১০ বছর পরও অপ্রতিদানযোগ্য ভালোবাসার অনন্য এক দলিল হিসেবে সিনেমাটি হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ জায়গা ধরে রেখেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে








