দুই ভারতীয় যুবকের শিরশ্ছেদ করেছে সৌদি সরকার

আমাদের নিকলী ডেস্ক ।।

বন্ধুকে খুন করার অপরাধে দুই ভারতীয়কে শিরশ্ছেদের শাস্তি দিল সৌদি সরকার। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই শাস্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ভারতীয় দূতাবাসের দাবি, সমগ্র বিষয়টি ঘটে রিয়াদে; তাদেরকে অন্ধকারে রেখে। এমনকী, শাস্তিপ্রাপ্ত ওই ভারতীয়দের মরদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে সৌদি প্রশাসনের তরফে। যাকে ঘিরে তুঙ্গে জটিলতা।

সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যুসংবাদ, সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফে তাদের পরিবারের লোকদের জানানো হয়। জানা গেছে, ২০১৫ সালে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করে তিন যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন। সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তারা। শেষে ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং। ঘটনার কয়েকদিন পর, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয় সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং। এবং জেরায় খুনের কথা স্বীকার করে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে রিয়াদ জেলে স্থানান্তরিত করা হয়। তাদের দেখতে মাঝে-মধ্যেই রিয়াদ জেলে যেতেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। মামলার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখতেন তাঁরা। কিন্তু সম্প্রতি আধিকারিকরা হঠাৎ জানতে পারেন দুই অভিযুক্তর শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সেই শাস্তি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি। এমনকী, সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, সেদেশের আইনানুযায়ী ওই দুই অপরাধীর দেহাবশেষও দেয়া হবে না ভারতে বসবাসকারী তাদের পরিবারকে।

সূত্র : সংবাদ প্রতিদিন (ভারত)

Similar Posts

error: Content is protected !!