নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। গত ২৮ অক্টোবর শুরু হওয়া চার দিনব্যাপী এই আসর শেষ হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)।
প্রতিযোগিতার তৃতীয় দিন পর্যন্ত সাঁতারে মোট ১৬টি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৬টি, দ্বিতীয় দিনে ৮টি এবং তৃতীয় দিনে আরও ২টি নতুন রেকর্ড হয়। তৃতীয় দিন পর্যন্ত পদক তালিকায় আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ১২টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ পদক এবং বিকেএসপি ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে। পাশাপাশি নিকলী সুইমিং ক্লাব ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
এদিকে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।








