নিকলী সদর বিএনপি সভাপতির বাবা আব্দুস সামাদের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি ||

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের নগর নিবাসী প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সামাদ আর নেই। তিনি গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

মরহুম আব্দুস সামাদ তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে হারুন অল কাইয়ুম উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে মাসুদ রানা অরুন এনআরবিসি ব্যাংকে কর্মরত এবং তৃতীয় ছেলে মামুনুর রশীদ নীরব কক্সবাজার জেলা জজ হিসেবে কর্মরত রয়েছেন।

আজ মঙ্গলবার জোহরের নামাজের পর নিকলীর ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মুসল্লিদের জানাজায় অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

আব্দুস সামাদের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শোকবার্তা দিয়েছেন।

নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহছান গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!