নিকলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ খায়রুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ (মনির)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু হানিফ, নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কপিল উদ্দিন, মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (মৃধা), উপজেলা রিসোর্স সেন্টার ও তথ্য আপাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে এবং উদ্ভাবনী কাজে আগ্রহী হওয়ার আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলা উপলক্ষে দুপুর ১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Similar Posts

error: Content is protected !!