কটিয়াদী প্রতিনিধি ।।
ট্রেনের ছাদ থেকে চাকার নিচে পড়ে মোবারক হোসেন (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের বাজিতপুর উপজেলার সরারচর এলাকার খালেকার ভাণ্ডা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেলার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিরুদ্দিন জানান, মোবারক ভ্রাম্যমান চানাচুর বিক্রেতা। প্রতিদিনের মতোই এদিন সকালে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস প্রভাতি ট্রেনে চানাচুর বিক্রি করে কুলিয়ারচর স্টেশন থেকে সাড়ে ১১টার দিকে তিনি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে। এবং যাত্রীদের মধ্যে চানাচুর বিক্রি করছিলেন। হঠাৎ পা ফসকে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়। এতে একটি হাত ও পা কাটা পড়ে এবং অন্য পা’টি গুরুতর জখম হয়।
উদ্ধার করে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একই দিন রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মোবারক হোসেন কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের কান্দাপুর মহিষাকান্দাপাড়ার ফুলু মিয়ার ছেলে।

