অতঃপর গণতন্ত্র
শিবলী জামান
কালো কাপড়ে বাঁধা তোমার চোখ
তারপরও তুমি দেখতে চাও?
তোমার তো বড্ড সাহস!
পায়ে বেড়ী নিয়েও তোমার হাঁটার শখ
পিছমোড়া করে বাঁধা হাত নিয়েও তুমি ধরতে চাও?
তোমার খুব বাড় বেড়েছে না?
মুখে গোঁজা রুমাল নিয়েও তুমি কথা বলতে চাও!
মরার সাধ হয়েছে তোমার না?
তোমার বুক বরাবর তাকিয়ে আছে বুলেট
তারপরও তোমার রক্ত গরম হয়ে যায়!
কিছুই দেখবে না তুমি
হাঁটবে না এক কদম
ধরবে না কিছু
তুমি শুধু শুনে যাবে-
লেফট-রাইট লেফট-রাইট—
আর আমরা তোমার ক্ষুধা পেলেই
মুখে গোঁজা রুমাল খুলে
সোনার বাটি চামচে
ওরস্যালাইনের মত গুলিয়ে
সযতনে মুখে তুলে দেব
গনতন্ত্র নামক দাওয়ায়।

