মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর গ্রামে সোমবার (৩০ মার্চ) নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল প্রায় কোটি টাকার সম্পদ।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সন্ধ্যা ৭টায় হুমাইপুরের খালেদ স্টোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে কেরোসিন ও গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, খালেদ স্টোরে আগুনের সূত্রপাত হয়ে পাশের একটি ওষুধের দোকান ও ফাতেমাতুজ্ যোহরা মহিলা মাদ্রাসায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীর সহায়তায় পাশের কয়েকটি ঘর ভেঙ্গে ফেলা হয়। পরে পানি ও বালি ছিটিয়ে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হুমাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিকুজ্জামান মানিক এ প্রতিনিধিকে জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ। পাশে কোন ফায়ার সার্ভিস নেই, নেই প্রয়োজনীয় পানির ব্যবস্থা। তাছাড়া দোকানটিতে বিভিন্ন প্রকার দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি আমি শুনেছি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।


