
আমাদের নিকলী ডেস্ক ।।
অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাসেল মিয়া (১৮) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২৩ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত রাসেল কিশোরগঞ্জ শহরতলীর নগুয়া বটতলা এলাকার আনোয়ার হোসেন রিপনের ছেলে এবং এলাকার এক হোটেল শ্রমিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একই এলাকার শহরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে রাসেল উত্যক্ত করে আসছে। রাসেল মেয়েটিকে নিয়মিত কুপ্রস্তাব দিতো। মেয়েটির পরিবার থেকে এ ব্যাপারে রাসেলের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা উল্টো মেয়েকে দোষারোপ করে হুমকি দেয়।
শনিবার সকালে এ ব্যাপারে স্কুলছাত্রীর মা কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
সূত্র : স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড [কিশোরগঞ্জ নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০১৭]

