আল আমিন, বিশেষ প্রতিনিধি ।।
করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা এবং কলেজটির উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো: মহসিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩ জুলাই সজল কুমার সাহার নমুনায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।
হাসপাতালটিতে গত শুক্রবার (১০ জুলাই) ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
আজ সোমবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা. সজল কুমার সাহা বেশ কিছু দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। এর আগে দুইবার তাঁর নমুনা পরীক্ষা করা হলে দুইবারই নেগেটিভ আসে। শুক্রবার জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ জুলাই আবারও তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগে ৬ জুলাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীন এঁর করোনা শনাক্ত হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ সেবা প্রতিষ্ঠানটির মোট ১৬ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্যদের মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট এবং তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া বাকিরা এখন করোনা নেগেটিভ।
গত ১৪ এপ্রিল ৫শ’ শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষণার পর থেকে করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক, নার্স ও আউটসোর্সিং স্টাফরা।

