মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৭ জুলাই) বিকেল প্রায় ৬টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন ইসলামপুর গ্রামের মো. মস্তোফার ছেলে মো. ইমরান (২৮) এবং একই গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নজরে রেখে স্থানীয়রা সতর্ক অবস্থানে ছিলেন। একপর্যায়ে ইয়াবা বিক্রির সময় দুইজনকে আটক করে নিকলী থানায় খবর দেওয়া হয়। পরে এসআই তুয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।
এ বিষয়ে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান একটি চলমান প্রক্রিয়া। সরকার ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের ধারাবাহিক অভিযানের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

