মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় “স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ: প্রতারণার ফাঁদে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় নিকলী পুরান বাজারের দুধ মহলে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য মোঃ নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনজিল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সাংস্কৃতিক সম্পাদক ও নিকলী উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল মোমেন (স্বপন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব শেখ মোবারক হোসেন (সাদী)।
এছাড়াও উপস্থিত ছিলেন দামপাড়া ইউনিটের আহ্বায়ক আবু বক্কার ছিদ্দিক, জারুইতলা ইউনিটের আহ্বায়ক মোঃ সোহেল, উপজেলা সদস্য নেয়ামতউল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল মোমেন (স্বপন) বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসনে বিজয়ী হয়। ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হলেও তা বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় মুক্তিযুদ্ধ এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। তিনি বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেও সেই ইতিহাসের তুলনামূলক আলোচনা তুলে ধরেন।
সবশেষে সভাপতি মনজিল হোসেন সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

