বিশেষ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কোরবানির চামড়া নিয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে দুই চামড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইব্রাহিম (৫০) ও আবদুল মজিদ (৬০)। ইব্রাহিম মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। আব্দুল মজিদ একই ইউনিয়নের উজারকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
সোমবার ৪ সেপ্টেম্বর সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের উলুয়ার হাওর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোরবানীর চামড়া সংগ্রহ করে রোববার রাতে নৌকায় করে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন থেকে পাঁচজন ব্যবসায়ী করিমগঞ্জের চামড়া বন্দরের দিকে যাচ্ছিলেন। গভীর রাতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে একটি গাছে আশ্রয় নিলেও পানিতে ঢুবে নিখোঁজ হন ২ জন। পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

