সাফায়াত ইসলাম (নূরুল), নিজস্ব প্রতিবেদক ।।
স্বামী-স্বজনদের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে খোদ স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী ফারুক হোসাইন। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা রুপসা গ্রামের হাজী গিয়াসউদ্দিনের ছেলে ফারুক হোসাইনের সাথে ২০০৫ সালে পার্শ্ববর্তী হোসেন্দী আতকাপাড়া গ্রামের রায়হান উদ্দিনের মেয়ে রুমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ইতোমধ্যে তাদের সংসারে শাপলা আক্তার (১২), মনির (৯) ও নির্জনা নামের সাড়ে তিন বছরের সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে সাংসারিক তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এসব ঘটনায় দুই পরিবারের আত্মীয়-স্বজন বেশ কয়েকবার দেন-দরবার করেছেন। এর জের ধরে গত ৬ ফ্রেরুয়ারি বিকালে শাশুড়িকে কেন্দ্র করে আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
এ ঘটনার পর স্ত্রী রুমার আত্মীয়-স্বজন স্বামীর বাড়িতে গিয়ে সন্তানদের সহ বাবার বাড়িতে নিয়ে যায়। সম্প্রতি স্বামী ফারুক হোসেইন নোটারী পাবলিক ১৯৪ নং এফিডেভিটের মাধ্যমে স্ত্রীকে মৌখিক তালাকের নোটিশ প্রদান করেন।
নোটিশ পেয়ে রুমা আক্তার ও তার পরিবারের লোকজন মোবাইল ফোনে এবং লোকমুখে স্বামী ফারুকসহ তার আত্মীয়-স্বজনকে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করাসহ নানা হুমকি দিচ্ছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

